দিনাজপুরের ফুলবাড়ীতে নারীদের নেতৃত্ব দক্ষতা বৃদ্ধি এবং স্থানীয় পর্যায়ে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় তাদের অংশগ্রহণ জোরদার করার লক্ষ্যে দুইদিন ব্যাপী নারী নেতৃত্ব উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সিসিডিবি সংস্থার সমান আওয়াজ প্রকল্পের উদ্যোগে এবং কেডি ইনস্টিটিউট অব সেন্ট ফ্রান্সিস, জেভিয়ার ইউনিভার্সিটি এবং গ্লোবাল এ্যাফেয়াস কানাডা এর সহযোগিতায় আজ বুধবার (২২ এপ্রিল) সকাল সাড়ে ১১টায় স্থানীয় টাইম সেন্টার কনফারেন্স রুমে আয়োজিত প্রশিক্ষণ কর্মশালায় সভাপতিত্ব করেন সিসিডিবি সংস্থার সমান আওয়াজ প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী মারিয়া সরকার।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রীতা মন্ডল ও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সমবায় কর্মকর্তা মো. মাজহারুল ইসলাম। এতে প্রশিক্ষক হিসেবে প্রশক্ষণদান করেন সমান আওয়াজ প্রকল্পের ফুলবাড়ী এরিয়া ম্যানেজার মোছা. খাদিজা আক্তার ও নবাবগঞ্জ এরিয়া ম্যানেজার মোছা. মাহফুজা নাজনীন।
কর্মশালায় নারীর নেতৃত্বের মৌলিক ধারণা, কার্যকর যোগাযোগ, অধিকার সম্পর্কে সচেতনতা এবং স্থানীয় সরকার ব্যবস্থায় নারীর ভূমিকা বিষয়ে আলোচনা করা হয়। এতে নারীর নেতৃত্বের বিকাশের গুরুত্বারোপ করা হয়। অংশঘ্রহণকারীরা দলীয় আলোচনা ও ব্যবহারিক অনুশীলনের মাধ্যমে নিজেদের দক্ষতা উন্নয়নের সুযোগ পাান। দুইদিন ব্যাপী নারীদের নেতৃত্ব উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত ২৫ জন নারী নেত্রী, কমিউনিটি প্রতিনিধি ও সমাজকর্মী অংশ নেন।